শ্রীবরদীতে দুই দিন শিশু উৎসব অনুষ্ঠিত

গণতন্ত্র একটি সাইকেল
       - কবি আসাদ চৌধুরী

‘সাইকেলের সামনের চাকা সরকারি দল আর পেছনের চাকা বিরোধী দল। ঠিক একটি গণতন্ত্রের মতো। দুই চাকার সমন্বয়ে যেমন সাইকেল এগিয়ে যায় সামনের দিকে, গণতন্ত্রও ঠিক তেমনই। কিন্তু আমাদের দেশের এই গণতন্ত্র নামের সাইকেলটি ঠিক উল্টো। এখানে সামনের চাকা সচল থাকলে পেছনের চাকা বিকল থাকে। এভাবে কী কোনো সাইকেল চলতে পারে?’ শিশু কিশোর সংগঠন ‘ফুটতে দাও ফুল’ এর ৮ বছর পূর্তিতে স্থানীয় নব জাগরণ জুনিয়র প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী শিশু উৎসবের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে কবি আসাদ চৌধুরী এ কথা বলেন। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। শিশু কিশোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা আগামী দিনে দেশের হাল ধরবে। এজন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যেন তোমাদের সময় দেশে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। কেউ যেন ক্ষুধার্ত না থাকে, শিক্ষা থেকে বঞ্চিত না হয়।’
শিশু উৎসবের প্রথম দিন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। এ সময় বৃহত্তর ময়মনসিংহের সাত কৃতি সন্তানকে ‘ফুটতে দাও ফুল সম্মাননা পদক ২০১১’ প্রদান করা হয়। শিশুসাহিত্যে অবদান রাখায় পদক দেওয়া হয় যাদের - আলম তালুকদার, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আনজীর লিটন, জাহাঙ্গীর আলম জাহান, জগলুল হায়দার, লুলু আব্দুর রহমান ও রইস মনরম। এতে সভাপতিত্ব করেন কবি হাদিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানজিল রিমন ও মনিকা আফরোজ।
উৎসবে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, শিল্পী রণজিৎ নিয়োগী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাকন রেজা, ছড়াকার সিরাজুল ফরিদ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, কবি রবিন পারভেজ, গল্পকার রবিন পারভেজ, বকসীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জামান রতন, বকশীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি রজব বকসী, চট্টগ্রাম বিভাগীয় গণগ্রন্থাগারের ইনচার্জ হামিদুর রহমান তুষার, প্রেসক্লাব-শ্রীবরদীর সহ-সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আবু, কবি শেখ সুরুজ্জামান, কবি জ্যোতি পোদ্দার, কবি নীহার লিখন, কবি কোহিনূর রুমা, সাংবাদিক তাসলিম কবির বাবু, সাংবাদিক ফেরদৌস আলী প্রমুখ।

মন্তব্যসমূহ