একুশ মানে


জাহিদ রুমান
ছবি: হাসান রাজা


একুশ মানে শিশুর মুখের
আধো আধো বুলি
একুশ মানে লাল ও সবুজ
রঙ মাখানো তুলি।

একুশ মানে বজ্র মিছিল
রক্তে ভেজা মাটি
গুঁড়িয়ে দেওয়ার তীব্র শপথ
অনাচারের ঘাঁটি।

একুশ মানে সালাম-রফিক
শফিউরের ছবি
পুব আকাশে আলোর নাচন
টুকটুকে লাল রবি।

প্রবল ঢেউয়ে আন্দোলিত
হৃদয় নদীর কিনার
একুশ মানে ফুলে ফুলে
ভরা শহীদ মিনার।

মন্তব্যসমূহ